আমানতকারীরা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে পাঁচটি ব্যাংক তালাবদ্ধ করেছে
আমানত ফেরত ও পূর্ণ লভ্যাংশের দাবিতে আমানতকারীরা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় দ্বিতীয় দিনের মতো পাঁচটি ব্যাংক তালাবদ্ধ করেছে। আজ সোমবার (৪ মে) সকাল থেকে তারা একে একে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক তালাবদ্ধ করে।
এর আগে, আন্দোলনকারীরা সকাল থেকে আগ্রাবাদ এলাকায় জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে ইউনিয়ন ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের বের করে দিয়ে ব্যাংকটি তালাবদ্ধ করে দেয়। এরপর তারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা সেখানে অবস্থান করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে তাদের আমানত ফেরতের দাবি জানায়। আমানতকারীরা হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের দাবি পূরণ না হলে তারা চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেবে।
এদিকে, এই বিক্ষোভের কারণে ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন কার্যক্রম ব্যাহত হয়েছে। এর আগে গতকালও তারা খাতুনগঞ্জে এই কর্মসূচি পালন করেছিল।

