এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি
মে মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) আজ রবিবার (৩ মে) এ ঘোষণা দিয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল।
গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছিল। এরপর ১৯ এপ্রিল বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা করে।
এদিকে, আজ মে মাসের জন্য ভ্যাটসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুইবার অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। গত ২ এপ্রিল, ভোক্তা পর্যায়ে ভ্যাটসহ অটোগ্যাসের দাম লিটার প্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল। গত ১৯ এপ্রিল, বিইআরসি ভোক্তা পর্যায়ে ভ্যাটসহ অটোগ্যাসের দাম লিটার প্রতি ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করেছিল।

