দেশজুড়ে

কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরাশ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নয় মাস বয়সী আরাশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। গতকাল শনিবার (২ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়। আজ রবিবার (৩ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরাশ নিউমোনিয়ায় ভুগছিল। তার হামের উপসর্গও ছিল। এ কারণে তাকে হাম আইসোলেশনে রাখা হয়েছিল। তবে, আত্মীয়রা তাকে দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর রূপ নেয়। এতে শারীরিক জটিলতা বেড়ে যায় এবং শনিবার রাত সাড়ে ৮টায় আরাশের মৃত্যু হয়। এ পর্যন্ত কুমিল্লায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৩ জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়।