আন্তর্জাতিক

ইয়েমেন উপকূল থেকে জলদস্যুদের তেলবাহী ট্যাংকার ছিনতাই

জলদস্যুরা ইয়েমেন উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে। বিবিসি একাধিক সোমালি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে যে, ছিনতাইকারীরা সোমালি জলদস্যু। ইয়েমেনের কোস্ট গার্ড জানিয়েছে, ‘এমটি ইউরেকা’ নামের জাহাজটি ছিনতাইয়ের পর এডেন উপসাগর হয়ে সোমালিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।
গত ১০ দিনের মধ্যে এই এলাকায় এটি দ্বিতীয় তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা। এর আগে, ২২ এপ্রিল ‘অনার ২৫’ নামের আরেকটি জাহাজ জলদস্যুদের দখলে যায়। জাহাজটিতে ১৮,৫০০ ব্যারেল তেল ছিল বলে জানা গেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, টোগোর পতাকাবাহী ‘এমটি ইউরেকা’ জাহাজটি স্থানীয় সময় ভোর ৫টার দিকে সশস্ত্র জলদস্যুদের দখলে চলে যায়। জাহাজটি বর্তমানে ইয়েমেন ও সোমালিয়ার মধ্যবর্তী এডেন উপসাগরে রয়েছে এবং শীঘ্রই সোমালিয়ার জলসীমায় নোঙর করবে বলে আশা করা হচ্ছে।