আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকার একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আরও দুজন আহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে দেখা যায়, ভবনটির অনেক অংশ পুড়ে গেছে এবং উপরের তলাগুলো থেকে ধোঁয়া বের হচ্ছিল।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, “ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর তল্লাশি অভিযান শুরু করা হয়। পুলিশ জানিয়েছে, তারা সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করেছে।”