আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ২২ কোটি ডলার মূল্যের তেল নিয়ে এশিয়ায় পৌঁছাল ইরানি সুপারট্যাঙ্কার

জাহাজ ট্র্যাকিং কোম্পানি ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম-এর তথ্য অনুযায়ী, ২২ কোটি ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। আল জাজিরা এ খবর জানিয়েছে।
আজ রবিবার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্যাঙ্কার ট্র্যাকার্স জানায়, ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজটির নাম ‘হিউজ’। এটি প্রায় ১৯ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজার মূল্য প্রায় ২২ কোটি ডলার।
কোম্পানিটির মতে, জাহাজটিকে এক সপ্তাহেরও বেশি সময় আগে শ্রীলঙ্কার উপকূলের কাছে শেষবার দেখা গিয়েছিল। এটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
যেদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে, সেই ১৩ এপ্রিল জাহাজটি ইরানের জলসীমায় ছিল। সংস্থাটি আরও দাবি করেছে যে, জাহাজটি ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশে যাত্রা করার পর থেকেই তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সংকেত বন্ধ করে দিচ্ছিল।
এর আগে, গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল যে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে, অবরোধ শুরু হওয়ার পর থেকে ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে, এই অবরোধ কার্যকর হচ্ছে এবং এর ফলে ইরানের শত শত কোটি ডলার ক্ষতি হয়েছে। তারা বলছেন যে, তেল রপ্তানি ব্যাহত হওয়ায় ইরান তেল মজুত করতে বাধ্য হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা শেষ হয়ে গেলে তাও বন্ধ হয়ে যেতে পারে।