বিবিধ

মঠবাড়িয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ওই উপজেলার হরজি নলবুনিয়া গ্রামের মো. এ. সালামের স্ত্রী মোসা আয়েশা বেগম (৫০) মারা যান। বৃষ্টির মধ্যে বাড়ি থেকে মাঠে হাঁস আনতে যাওয়ার সময় তিনি বজ্রপাতে নিহত হন। একই দিন বিকেলে ওই উপজেলার তুশখালী ইউনিয়নের জানখালী গ্রামের বাসিন্দা মো. নবী হোসেনের ছেলে মো. হাসান (২৫) মারা যান। বালেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে হাসান নিখোঁজ হন।
অন্যদিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের বাসিন্দা মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২০) মারা যান। বিকেলে মাঠে গরু আনতে গিয়ে স্বাধীন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর রাতে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়। তার শরীরে বজ্রপাতের চিহ্ন পাওয়া গেছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, নিহতের পরিবারের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে।