ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা করবে লেবানন: ইউসুফ রাঘি
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাঘি বলেছেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে লেবানন ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা জানান। আল জাজিরা এ খবর জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা লেবাননের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় পোল্যান্ড লেবাননের প্রতি সমর্থন ব্যক্ত করে এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পরিবর্তন বা লেবাননের কোনো ভূখণ্ড দখলের যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ২ মার্চ ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। যুক্তরাষ্ট্র গত ২৩ এপ্রিল ঘোষণা করে যে, তারা ভঙ্গুর লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহের জন্য বাড়াবে, যদিও এতে হিজবুল্লাহ অংশ নেয়নি। এদিকে, হিজবুল্লাহ প্রধান গতকাল ইসরায়েলের সঙ্গে আলোচনার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এটি অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

