আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দেখা করতে মার্কিন প্রতিনিধিদল আজ পাকিস্তান সফরে যাচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, তারা আজ শনিবার (২৫শে এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪শে এপ্রিল) এই খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমি নিশ্চিত করছি যে বিশেষ দূত উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনার জন্য আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন।” লেভিট আরও বলেন, “ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরে যেতে প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি দল গতকাল রাতে পাকিস্তানে পৌঁছেছে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদলটি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনিরসহ পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা” নিয়ে আলোচনা করা হবে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বিবৃতি পাকিস্তানকে জানানো হবে। আব্বাস আরাঘচি শুধুমাত্র পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র: টাইমস অফ ইসরায়েল