লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ প্রণালী পুনরায় বন্ধ: ইরানি গণমাধ্যম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনিশ্চয়তার মুখে পড়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আজ সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেল ট্যাংকার প্রণালীটি অতিক্রম করতে সক্ষম হয়েছে, তবে হরমুজ প্রণালী দিয়ে তাদের চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।
প্রকৃতপক্ষে, হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল অব্যাহত রাখা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক জরুরি ফোন কলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জন্য অভিযুক্ত করেছেন। তেহরান সতর্ক করেছে যে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা শান্তি চুক্তি থেকে সম্পূর্ণভাবে সরে আসবে এবং পাল্টা ব্যবস্থা নেবে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে, ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরীফের এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে লেবাননে হিজবুল্লাহর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ডোনাল্ড ট্রাম্পের চরমপত্রের মুখে মাত্র কয়েক ঘণ্টা আগে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়, যা বিশ্ববাজারে তেলের আকাশছোঁয়া দাম কিছুটা কমিয়েছিল। তবে, প্রণালীটি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

