দেশজুড়ে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধাবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার ধাবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫ এস প্রধান পিলারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (৪৯) পাটগ্রাম উপজেলার ধাবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াতারী গ্রামের নিহত আব্দুল গফুরের ছেলে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বিজিবি ও স্থানীয়রা জানান, গতকাল রাতে আলী হোসেনসহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে টহলরত ১৫৬তম বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। পরে তার মরদেহ ভারতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৬১ বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেছেন যে, নিহতের মরদেহ নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে একটি ঘটনাস্থল বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।