হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় গতকাল (সোমবার ৬ এপ্রিল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। বাকিদের হামের উপসর্গ ছিল। এই সময়ে ১,২৩৬ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে ১,৩৯৮ জন হামে আক্রান্ত হয়েছেন। আরও ৬,৮৮৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ রয়েছে। এদিকে, হামে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ।

