দেশজুড়ে

ভোলা জামায়াত কর্মী সাওদা সুমি জামিনে মুক্তি পেলেন

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভোলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাকে জামিন মঞ্জুর করেন।
সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। এর আগে গত রবিবার রাতে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে গতকাল সোমবার পুলিশ তাকে ভোলা আদালতে পাঠায়। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউসার জানান, ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী অপরাধ স্বীকার করেন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
তবে তিনি এও বলেন যে, গ্রেপ্তারের সময় জানা যায়নি ওই নারী জামায়াতের কর্মী ছিলেন কি না। এদিকে, গতকাল বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক মো. হারুন অর রশিদ বলেন, পুলিশ কোনো অপরাধের প্রমাণ ছাড়াই সাওদা সুমিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। মা ছাড়া আর কেউ ওই শিশুটিকে বড় করতে পারবে না।