আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আজ ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে একটি অচলাবস্থা চলছে। জ্বালানি সরবরাহের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোট দিতে চলেছে।
আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীর প্রতি ইরানের হুমকি সংক্রান্ত একটি সংশোধিত বা দুর্বল প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ ভোট দেবে। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন দুই সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গতকাল সোমবার এএফপি-র হাতে আসা সর্বশেষ খসড়াটিতেও ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা বা চলাচলে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে।
তবে, এতে সরাসরি শক্তি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়নি। পরিবর্তে, এটি রাষ্ট্রগুলোকে পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা সমন্বয় করতে জোরালোভাবে উৎসাহিত করে, যাতে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া যায়। এর মধ্যে জাহাজগুলোকে এসকর্ট করাও অন্তর্ভুক্ত। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে দেশগুলোর মধ্যে সমন্বয়েরও আহ্বান জানানো হয়েছে।
খসড়াটিতে আরও বলা হয়েছে যে, প্রণালীটিতে নৌচলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হলে নিরাপত্তা পরিষদ অতিরিক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায়। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার ৯ ঘণ্টা আগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, ইরানকে ওই সময়সীমার মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে বলা হয়েছে, অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে রাতারাতি ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে বলেন, “তেহরান যদি নির্ধারিত সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলতে রাজি না হয়, তবে যুক্তরাষ্ট্র রাতারাতি ইরানকে ধ্বংস করে দিতে পারে।”
এই চুক্তির মূল শর্ত হলো, বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিতে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখা। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ রাত ৮টা (বাংলাদেশের সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এবং ওই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে হবে।
হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, “আমি মনে করি ইরানের যুক্তিবাদী নেতারা সততার সাথে আলোচনায় অংশ নিচ্ছেন, কিন্তু এর ফলাফল এখনও অনিশ্চিত।” উল্লেখ্য, ইরান এর আগে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধের স্থায়ী অবসান এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।