ইরানে সামরিক অভিযান চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান অর্জনের প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অভিযানটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানে তাদের সামরিক অভিযান সম্পন্ন করতে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আমাদের কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে একটি দ্রুত, চূড়ান্ত এবং অপ্রতিরোধ্য বিজয় অর্জন করেছে। এত অল্প সময়ের মধ্যে এমন বিজয় বিরল।”
ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে এসেছে। তবে, তিনি তার দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। ট্রাম্প আরও বলেন, “আমি ২০১৫ সাল থেকে বলে আসছি যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন যে, ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যু কামনা করে।
২০১৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা ইরানের সাথে একটি চুক্তি করেন। এর অধীনে, ইরান তার ইউরেনিয়ামের মজুদ কমাতে সম্মত হয়। বিনিময়ে, দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে, ২০১৮ সালে ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

