আন্তর্জাতিক

রাশিয়ার অভিযোগ, ন্যাটো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে

পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই অভিযোগ করেছেন। খবর তাস। তিনি দাবি করেন, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় এবং মহড়া এই ভয়েরই ইঙ্গিত দেয়। মারিয়া বলেন, পরিসংখ্যান প্রমাণ করে যে ন্যাটো আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।
ন্যাটোর ২০২৫ সালের কার্যকলাপ প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধির পেছনে এই জোটের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। জাখারোভা বলেন, ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় প্রায় ১.৬৪ ট্রিলিয়ন ডলার হতে পারে, যা ৩২টি সদস্য দেশের সম্মিলিত বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, এত বিপুল ব্যয় সত্ত্বেও রাশিয়াকে কেন হুমকি হিসেবে চিত্রিত করা হচ্ছে।
এই রুশ কর্মকর্তা দাবি করেন, গত বছর ন্যাটোর অধীনে ১২০টিরও বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, সদস্য দেশগুলো পৃথকভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই মহড়াগুলোতে অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে।
তিনি অভিযোগ করেন যে, এই কার্যক্রমগুলোতে শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা জোটের “আগ্রাসী মনোভাব” নির্দেশ করে। জাখারোভা ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে রাশিয়াকে ন্যাটোর চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন।
একই সাথে, তিনি আকাশসীমা লঙ্ঘন, অন্তর্ঘাত এবং সাইবার হামলার মতো ন্যাটোর বিভিন্ন অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। বিশ্লেষকরা মনে করেন যে, রাশিয়ার এই বিবৃতি ন্যাটো-রাশিয়া উত্তেজনা আবারও বাড়িয়ে দেবে।