বাংলাদেশে জাপান ফাউন্ডেশন অফিস স্থাপনের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বাংলাদেশে জাপান ফাউন্ডেশন অফিস স্থাপনের আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং হরি ইউকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের একটি স্থায়ী অফিস স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক।
জাইকা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি সফল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জাপান ফাউন্ডেশন বাংলাদেশে একটি অফিস স্থাপন করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ কর্মীদের দক্ষতার ওপর জোর দিয়ে বলেন, জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাই একমাত্র প্রধান বাধা নয়; জাপানি সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাও জরুরি। জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ দেওয়া হলে কর্মীরা সহজেই সে দেশের কর্মপদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জাপানি সহায়তার ক্ষেত্রগুলো নির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত জাপানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে আগে থেকেই একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রস্তুত রাখা উচিত।
জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কোইকে ওয়াকাও বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করে বলেন, বাংলাদেশে একটি কার্যালয় খোলার বিষয়ে সরকারের আগ্রহের বার্তা তিনি অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

