আন্তর্জাতিক

কাতারের তেল ট্যাঙ্কারে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ বুধবার (১ এপ্রিল) সকালে এই হামলায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি কাতার এনার্জির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও তৃতীয়টি জাহাজটিতে আঘাত হানতে সক্ষম হয়। আল জাজিরা এ খবর জানিয়েছে।
কাতার এনার্জি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে জাহাজটির নাম ছিল ‘অ্যাকোয়া-১’। হামলার সময় জাহাজটিতে মোট ২১ জন নাবিক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে, কিন্তু একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্যাঙ্কারটিতে আঘাত হানে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, এই হামলা পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোকে আবারও একটি বড় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। কাতারের উপকূলে এ ধরনের হামলা এই অঞ্চলের তেল রপ্তানি এবং বাণিজ্যিক জাহাজগুলোর স্বাভাবিক চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।