আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই’

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। রাষ্ট্রদূত আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তেহরান ছয়টি বাংলাদেশি জ্বালানি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজ সম্পর্কে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এই জাহাজগুলোকে সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে। তবে, আগে বিস্তারিত তথ্যের অভাবে আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।’
তিনি আরও বলেন, ইরান সরকার জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছিল। বাংলাদেশ সরকার গত সপ্তাহে সেই তথ্য সরবরাহ করেছে। জাহাজগুলো ছাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এ ব্যাপারে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।’