লোহাগাড়ায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে ১ জন নিহত
চট্টগ্রাম লোহাগাড়ায় একটি মাইক্রোবাস ও একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনাটি ইউনিয়নের খান দিঘি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন প্রবাসী ও তার পরিবারের সদস্যরা উমরাহ হজ পালন শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কক্সবাজার ঈদগাহে তাদের বাড়িতে ফিরছিলেন।
মাইক্রোবাসটি চুনাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের পাড়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরটিকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আমি একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে নিহতের পরিচয় জানা যায়নি। আমি পরে বিস্তারিত জানাব।

