জাতীয়

ইরান যুদ্ধ নিয়ে ঢাকার বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। ইরান আশা করে, বাংলাদেশ আগ্রাসী শক্তিগুলোর নিন্দা জানাবে। আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরান দূতাবাস একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা মর্মাহত। এই বিবৃতিটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। আমরা আশা করেছিলাম যে, একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আমাদের ভাই ইরানের আগ্রাসী শক্তিগুলোর নিন্দা জানাবে, কিন্তু তা ঘটেনি। এটি আমাদের জন্য বেদনাদায়ক।
বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কোনো চিঠি পাঠাবে কিনা জানতে চাইলে জলিল রহিমি জাহানাবাদী বলেন, এ বিষয়ে ইরান থেকে কোনো চিঠি পাঠানো হবে না। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে আমি বিষয়টি উত্থাপন করব।
তিনি বলেন, জাতিসংঘ ও ওআইসি-র সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ইরানের আগ্রাসী শক্তির নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হওয়া সত্ত্বেও এর নিন্দা জানিয়েছে।