দেশজুড়ে

ছেলের দা’র কোপে বাবার মৃত্যু

পারিবারিক বিবাদের জেরে কুমিল্লার বারুড়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে গতকার সোমবার (৩০ মার্চ) রাতে পৌরসভার পাঠানপাড়া এলাকায়। নিহত আলী আকবর (৫৫) ওই এলাকারই বাসিন্দা। এই ঘটনায় পুলিশ হত্যাকারী আবুল কালামকে (৩৫) গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে হত্যাকারী কালামকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে গতকাল রাত সাড়ে ১১টার দিকে পাঠানপাড়া এলাকার আলী আকবরের সঙ্গে তার ছেলে আবুল কালামের তর্কাতর্কি হয়। এ সময় ছেলে কালামের দা’র আঘাতে আলী আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হত্যাকারী ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় কালামকে গ্রেপ্তার করে। বাবা ও ছেলে দুজনেই রিকশাচালক ছিলেন।
এ প্রসঙ্গে বারুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিবাদ চলছিল। গতকাল রাতে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। সে সময় বাড়িতে রাখা দা দিয়ে আলী আকবরকে কোপানো হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা হত্যাকারী আবুল কালামকে গ্রেপ্তার করি। আজ বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, বাবা-ছেলের মধ্যে কী বিবাদ ছিল, তা আমরা তদন্ত করছি। যদিও আত্মীয়রা দাবি করেছেন যে হত্যাকারী কালামের মানসিক সমস্যা ছিল, আমরা এমন কোনো লক্ষণ দেখিনি।