জাতীয়

জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের সরকারি বেতনের আওতায় এনেছে সরকার। আজ সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকার তাদের সম্মাননাও দিয়েছে। পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বেতনের আওতায় আনা ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রতি চার মাস অন্তর মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন এবং পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
যদিও সবার জন্য বেতন সমানভাবে নির্ধারণ করা হয়েছে, তবে এর পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি। এই ঘোষণাটি প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।