মাগুরায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু
মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় মোটরসাইকেলের উপর গাছের ডাল ভেঙে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকার শুক্রবার (১৩ মার্চ) রাত ৯:৩০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে প্রত দত্ত (২৬) এবং একই উপজেলার ঘাসিয়ারা গ্রামের খালদিয়ার পাড়ার দিপুল মোল্যার ছেলে মাহবুব (২৭)।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, গতকাল রাতে একই মোটরসাইকেলে করে প্রত দত্ত ও মাহবুব নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝড়ে একটি গাছের মরা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের উপর পড়ে যায়। দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়ারা গ্রামের নিহত দুই যুবকের পরিবারে শোকের মাতম চলছে।

