দেশজুড়ে

দুই পায়ের শিরা কেটে ফেলা শিক্ষকের মৃত্যু, গ্রেফতার ২

নরসিংদীর শিবপুরে দুই পায়ের শিরা কেটে ফেলা সিনিয়র শিক্ষক আবু সাঈদ মোগল (৭০) ১৮ দিন চিকিৎসার পর মারা গেছেন। গতকাল বুধবার (১১ মার্চ) রাতে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় জড়িত তার পাড়ার দুই ভাইকে র‌্যাব গ্রেপ্তার করেছে।
সেদিন রাতেই র‌্যাব-১১ নরসিংদী এবং র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবু সাঈদ মোগলের পাড়ার স্বপন মোগল এবং তার ভাই কিরণ মোগল উভয় পায়ের শিরা কেটে ফেলেন। ঘটনার পরদিন, শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে, ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার সাথে জড়িত স্বপন মোগল এবং কিরণ মোগলের বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়।
এদিকে, শিক্ষক আবু সাঈদ মোগলের মেয়ে পায়ের রগ কেটে ফেলার ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। র‌্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম আমাদেরকে জানান, কক্সবাজারে গ্রেপ্তারের পর শিবপুর মডেল থানার অনুরোধে স্বপন মোগল এবং তার ভাই কিরণ মোগলকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।