দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপির দুটি গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুটি গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ‘১৪৪ ধারা’ জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা রোডের লতা স্ট্যান্ডের পিছনের মাঠে এই নির্দেশনা জারি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিএনপি থেকে বহিষ্কৃত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ওই মাঠে একটি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এই কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের কাছে আবেদন করলে প্রশাসন প্রথমে মৌখিক অনুমতি দেয়।
তবে একই সময়ে, একই স্থানে ইফতার মাহফিলের অনুমতি চেয়ে পাল্টা আবেদন করেন ধানের শীষের প্রার্থী রাশেদ খান। একই সময়ে একই স্থানে উভয় পক্ষের একগুঁয়ে অবস্থানের কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায়, উপজেলা প্রশাসন আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং সকল ধরণের সভা, সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ জানান, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।