দেশজুড়ে

নাটোরে পানির ট্যাঙ্কে ১০,০০০ লিটার ডিজেল

নাটোরের সিংড়ায় একটি বাঁশঝাড়ে ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক থেকে উপজেলা প্রশাসন ১০,০০০ লিটার ডিজেল উদ্ধার করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার নিনগাইন এলাকায় এই অভিযান চালানো হয়। সেই সময় জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে রুবেল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, সত্তা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন নিনগাইনের ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে ভূগর্ভস্থ পানির ট্যাঙ্কে ১০,০০০ লিটার ডিজেল মজুদ করেছিলেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তাকে তেলটি দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রি করার নির্দেশও দেওয়া হয়েছে।
উপজেলায় জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ অন্যান্যরা অভিযানে উপস্থিত ছিলেন।