দেশজুড়ে

ময়মনসিংহে অজ্ঞাতপরিচয় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকায় সংঘটিত অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে তিন প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি ইফতারের পর রাত ৯:৩০ টা থেকে পরের দিন সকাল ১০ টার মধ্যে যে কোনও সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কোতোয়ালি মডেল থানার অষ্টধর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া (৩৫) কে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে, অষ্টধর সেনপাড়া এলাকার সাহেব বাড়ির উত্তর-পূর্ব কোণে রেললাইনের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতের সেচ খালের ধারে পরিত্যক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায়, নিহতের মামা মো. মাহিন হোসেন (৪৫) কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন প্রধান আসামি, মো. সজিব আলী (২০), নাজমুল ইসলাম (২৫), শিহাব মিয়া ওরফে শিপন (১৬) কে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং ভিকটিম মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাদকের টাকার বিরোধের জের ধরে সুমন মিয়ার সাথে সজিব আলীর ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন পরিকল্পিতভাবে মোবাইল ফোনে ফোন করে ঘটনাস্থলে ডেকে ভিকটিমকে হত্যা করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত মো. সজিব আলী এবং নাজমুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশ এই রহস্য উদঘাটনে এবং যত তাড়াতাড়ি সম্ভব আসামিদের গ্রেপ্তারে পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় দিয়েছে।