বিবিধ

ট্রাকের ধাক্কায় নার্স নিহত

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক চাপা দিয়ে সরকারি হাসপাতালের এক নার্স নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের নোয়াড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রীতা হালদার (৪৭)। তিনি ঢাকা নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা গ্রামের মৃত সাইমন বিমল হালদারের মেয়ে।
নিহতের স্বামী খোকন বাড়ৈ জানান, তিনি একটি এনজিওতে ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং বন্দরের নবীগঞ্জ এলাকায় হাবিব মিয়ার বাড়িতে থাকতেন। গতকাল বিকেলে যখন তিনি তার স্ত্রীকে গুলিস্তানে বাসে তুলে দিতে বের হন, তখন তার স্ত্রী মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, মদনগঞ্জ-মদনপুর সড়কের অবস্থা খুবই নাজুক। এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সকালে দেখি মোটরসাইকেলটি ট্রাকের আগে চলে আসছে। হঠাৎ একজন মহিলা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা ট্রাকটি মহিলাকে চাপা দেয়।
বন্দর থানার ওসি গোলাম আশরাফ বলেন, নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় সরকারি হাসপাতালের একজন নার্স মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।