দেশজুড়ে

কারাগারে অসুস্থ হয়ে প্রাক্তন ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান মারা গেছেন। কারাগার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে, বিকেল ৫টার দিকে তাকে সেখান থেকে বরিশালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম খানের ভাই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১১ আগস্ট পুলিশ অপারেশন ডেভিল হান্টের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান (৩৮) কে গ্রেপ্তার করে। ওই মামলায় জামিন পাওয়ার পর তাকে আবার পটুয়াখালী সদর থানার দুটি মামলায় গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তিনি কারাগারে আছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, কারাগারে থাকাকালীন শফিক খান এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন।
পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, কারাগারে অসুস্থ বোধ করলে বন্দী শফিকুল ইসলামকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে বরিশালে নেওয়ার পথে পথেই তার মৃত্যু হয়। বরিশাল কারা কর্তৃপক্ষ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বরিশাল হাসপাতালের চিকিৎসকরা তাকে জীবিত পাননি। পথেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।