দুমকিতে এক মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২
পটুয়াখালীর দুমকিতে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সেরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
অভিযোগ অনুযায়ী, রাস্তা নিয়ে একই এলাকার সিদ্দিক মৃধার সাথে স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফলস্বরূপ, গতকাল বিকেলে দেশি অস্ত্র দিয়ে আবুল হোসেন ও হানিফ হোসেনের উপর অতর্কিত হামলা চালায় সিদ্দিক মৃধা ও তার ছেলেরা। এতে সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মুসা (২৬) এবং নজরুল (২৮) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, গতকাল রাতে এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন আমাদেরকেকে বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

