জাতীয়

নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর হিসেবে মোহাম্মদ মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ করে একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে যে, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এই শর্তে যে তিনি অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংস্থার সাথে তার চাকরির সম্পর্ক ত্যাগ করবেন।
আরও বলা হয়েছে যে, গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারের সাথে স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। চুক্তির মাধ্যমে নিয়োগের অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক শাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইসিএমএবির এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন।
এদিকে, নতুন গভর্নর নিয়োগের পর পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের পদ স্থানান্তর করা হয়েছে। গভর্নরের সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে।