হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তরা শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯:৩০ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতর থেকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০:৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯:১৫ মিনিটের দিকে হায়দার হোটেলের গলির ধার দিয়ে অভিযুক্ত কিশোর সিয়ামের সাথে নিহত বিন্তি হেঁটে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিন্তির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওঠে।
তারপর তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। রাত ১০:৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বিন্তিকে মৃত ঘোষণা করেন। মৃত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন। বিন্তির বাবা অভিযোগ করেছেন যে, কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে হয়রানি করে আসছিলেন। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তকে অস্থায়ীভাবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

