দেশজুড়ে

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে কেচিং মং মারমা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ত্রিশদেবা দোলুঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কেচিং মং মারমা বাচিং কার্বারি পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাচিং কার্বারি এবং মায়ের নাম হ্লাচিং মার্মা। স্থানীয় সূত্রে জানা গেছে, কেচিং মং মারমা তার ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করছিলেন। সেই সময় হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করলে হাতির পায়ের আঘাতে তিনি পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
মৃতের স্বজনরা লাশ উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”