নতুন দায়িত্ব গ্রহণের পর সারজিস যা বললেন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক দল (এনসিপি) একটি নির্বাচন ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে। এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমকে কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিস সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনা কমিটি এই তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে ‘স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম প্রধান সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসিন রিয়াজ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা সদস্য হিসেবে রয়েছেন। সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন এবং তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়াও, কেন্দ্রীয় কমিটির নেতারা এবং জেলা নেতারা সার্বিক সহযোগিতা করবেন।
পরবর্তীতে, ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আপনাদের খুঁজতে আসছি….।’

