জাতীয়

সারা দেশে পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

দুর্ঘটনা রোধে তিন মাসের মধ্যে সারা দেশে পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
এর আগে, দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর প্রতিবেদন নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছিল। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন এই রিট আবেদনটি দায়ের করেন।
পরে আইনজীবী সাংবাদিকদের বলেন, “২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যু দেশবাসীকে নাড়া দিয়েছিল। এছাড়াও, ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়।” “সর্বশেষে, চলতি বছরের ২৮ জানুয়ারী চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে মিসবাহ নামে এক শিশুর মৃত্যু হয়। আমি এই ঘটনাগুলিকে সংযুক্ত করে হাইকোর্টে একটি রিট আবেদন করি। রিটের শুনানি শেষে আদালত তিন মাসের মধ্যে সমস্ত পরিত্যক্ত নলকূপ ভরাট করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।”