দেশজুড়ে

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ ৪ জন দগ্ধ

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজারে একটি ভাড়া বাড়িতে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের এক শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৩:৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছরের ছেলে মায়ান (০৩) এবং রোমানের শ্যালক অপু (২৩) রয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জালান জানান, হাজারীবাগের রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের ষষ্ঠ তলার একটি ভাড়া বাড়িতে গ্যাস লিকেজ বিস্ফোরণ ঘটে এবং তাৎক্ষণিকভাবে আগুন লেগে যায়। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, শেখ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি শেখ গোলাম মওলার ছেলে। বর্তমানে তিনি পূর্ব রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার ৬ষ্ঠ তলায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সাথে থাকতেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, হাজারীবাগের রায়েরবাজার থেকে আগুনে পুড়ে যাওয়া একই পরিবারের চারজনকে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শেখ রোমানের ২৫ শতাংশ, পিঙ্কি আক্তারের ৭৫ শতাংশ, শিশু মায়ানের ২৪ শতাংশ এবং অপুর ৭ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক আরও জানান, দগ্ধ সকলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।