রাজনীতি

চাঁদপুর-২ আসনে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মতলবের লুধোয়ায় বিএনপি ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি প্রথমে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ড. মোহাম্মদ জালাল উদ্দিন আল্লাহর নামে শপথ করে বলেন, “যে মাদক আমার সন্তানদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে, সে যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। আমি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।”
তিনি আরও বলেন, “যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। নির্বাচনের আগেও আমি এই প্রতিশ্রুতি দিয়েছি। আমি যেকোনো মূল্যে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, পৌর বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু এবং উপজেলা ও পৌর বিএনপির নেতারা।