বিবিধ

হারানো ছাগল নিয়ে বিরোধ, বিষক্রিয়ায় মৃত্যু

হারানো ছাগল নিয়ে পারিবারিক বিরোধের কারণে পরেশ বর্মণ (৪৫) নামে এক ব্যক্তির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পরেশ বর্মণ পঞ্চগড় জেলার বোদা উপজেলার ১০ নম্বর পাঁচপীর ইউনিয়নের দক্ষিণ কালিবাড়ি (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নবকান্ত বর্মণের ছেলে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার পরেশ বর্মণের একটি ছাগল নিখোঁজ হয়ে যায়। গত দুই দিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক ও মতবিরোধ চলছিল। এক পর্যায়ে, গতকাল দুপুরে রাগ ও অভিমানে পরেশ বর্মণ ঘরে রাখা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সময়মতো যানবাহন না পাওয়ায় বিলম্ব হয়। পরে রাত ১১:২৫ মিনিটে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আনা হয়।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মঞ্জুরুল ইসলাম জানান, পরেশ বর্মণকে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। লাশটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।