বাগেরহাটে সন্ত্রাসী হামলায় যুবকের দুই হাত-পা বিচ্ছিন্ন
পূর্ব শত্রুতার জের ধরে এক যুবকের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানের ভেতরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত যুবকের নাম মো. রহমত শেখ (২৮)। সে উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান শেখের ছেলে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা মো. ইসরাফিল এবং ইয়াসিনের বাড়িতে গিয়ে তর্কাতর্কি শুরু করে। সেখান থেকে চলে যাওয়ার পর পুলিশ কবি খানের কলা ও সুপারি বাগানে আহত রহমতকে উদ্ধার করে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে ইসরাফিল ও ইয়াসিনসহ আরও ৭ জন যুবক গ্রামের একটি কলা বাগানে প্রবেশ করে এবং রহমত শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে রহমতের শরীর থেকে দুটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠায়।
কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম আমাদেরকে বলেন, ভুক্তভোগী এবং আক্রমণকারী উভয়ই খারাপ প্রকৃতির। তাদের মধ্যে অতীত থেকেই বিরোধ চলছিল। আজ দুর্বৃত্তরা তাকে একা পেয়ে এই হামলা চালিয়েছে। তবে তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

