হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মীর হাজারীবাগ ঘুন্টিঘর এলাকায় একটি দ্রুতগামী বাস যাত্রীবাহী লেগুনার সাথে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। নিহতদের নাম আজিজুল ইসলাম (৫৮), সাইফুল ইসলাম (৫৫)। আহতদের নাম শফি (২২), আকাশ (৩৫) এবং লেগুনার চালক রাজু (২৮)।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে জানান, মীর হাজারীবাগ ঘুন্টিঘর এলাকায় দ্রুতগামী একটি বাস যাত্রীবাহী লেগুনার সাথে ধাক্কা দিলে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বাস চালক স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

