বিবিধ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামক একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাঘা উপজেলার পদ্মার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের খিরজার মোল্লার দুই স্ত্রী আমেনা বেগম ও কামেলা বেগম এবং মেয়ের জামাই জাকারিয়া হোসেন, নূর ইসলাম ও তার স্ত্রী শাহনাজ খাতুন সেফালী। জানা গেছে, তারা একই পরিবারের চাচা, খালা, জামাই ও ভাগ্নে। খির্জার মোল্লার ভাগ্নে দাদপুর চরের গ্রাম্য চিকিৎসক জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুষ্টিয়ার বাতৈল কবুরহাট থেকে বাইপাস দিয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম বলেন যে, তারা কয়েকদিন আগে কুষ্টিয়ার খাজানগরে তৈরি একটি বাড়ি থেকে চকরাজপুরের দাদপুরে অন্য একটি বাড়িতে আসছিলেন।
পদ্মার ভাঙনের কারণে কয়েকদিন আগে তারা কুষ্টিয়ার খাজানগর গ্রামে একটি বাড়ি তৈরি করেছিলেন। তারা বাঘা উপজেলার চকরাজপুর ইউনিয়নের দাদপুর চর এবং খাজানগর গ্রামে থাকেন। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক। এই ঘটনার আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।