১০ লক্ষ পরিবারকে সাশ্রয়ী মূল্যে প্রোটিন সরবরাহের সরকারের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, রমজান মাসে ১০ লক্ষ নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এবার ১০ লক্ষ পরিবার কম দামে দুধ, ডিম এবং মাংস কিনতে পারবে। এই লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্থানে বিক্রয় কর্মসূচি শুরু করা হয়েছে। রমজান জুড়ে এটি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগ দেশের অন্যান্য জেলাগুলিতেও ছড়িয়ে দেওয়া হবে। এর মধ্যে ৯৬ টাকায় এক ডজন ডিম, ৮০ টাকায় এক কেজি দুধ এবং ৬৫০ টাকায় এক কেজি মাংস পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের ফলে বাজারে পণ্যের দামও কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

