শরীয়তপুরে গরুর দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত
শরীয়তপুরের সখিপুরে গরুর দুধ বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের পেদা কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, জমি বিরোধের জেরে চরভাগা পেদা কান্দি এলাকার মোশাররফ পেদার পরিবার এবং একই এলাকার আমজাদ পেদার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরের দিকে ওই এলাকায় গরুর দুধ বিক্রি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে দেশি তৈরি ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোশাররফ, মোতালেব, হোসনে আরা, সোনিয়া, আমজাদ, সোহাগ ও মনির আহত হন। পরে আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হোসনে আরাকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

