দেশজুড়ে

ছেলে তার মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে দিল

রাজশাহী শহরে করাত দিয়ে মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে দিল তার ছেলে। গতকাল শনিবার (৩১ জানুয়ারী) রাত ৯:৩০ টার দিকে শহরের খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মহিলার নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। পরে স্থানীয়রা সুমন নামে খুনিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মাদকাসক্ত ছিল। রাতে তার মা সোহাগীকে মাদকের জন্য টাকা চেয়ে চাপ দেয়। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুমন তার মাকে বারবার করাত দিয়ে বুকে ও পেটে আঘাত করে। সোহাগী ঘটনাস্থলেই মারা যায়। পরে সুমন তার মায়ের লাশ রাস্তায় ফেলে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খুনি সুমনকে বাড়ি থেকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, নিহত সোহাগীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মাদকাসক্ত। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”