বিএনপির যে নেতারা সুখবর পাবে
আপিলের পরিপ্রেক্ষিতে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি আরও ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ রবিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে কক্সবাজার জেলার অধীনস্থ কক্সবাজার পৌর যুবদলের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, পৌরসভা মৎস্যজীবী দলের প্রাক্তন আহ্বায়ক জাফর আলম হেলালী, ঈদগাঁও উপজেলা মৎস্যজীবী দলের প্রাক্তন আহ্বায়ক হান্নান মিয়া, শহর যুবদলের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন রিয়াদ, জেলা মহিলা দলের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদা আক্তার এবং ঈদগাঁও উপজেলা ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক নুরুল হুদা নকসাকে সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ দলের সকল স্তর থেকে বহিষ্কার করা হয়েছিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, আবেদনের আলোকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

