নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিসকে ৭.৫ বছরের কারাদণ্ড
ইরানের মানবাধিকার কর্মী এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে প্রায় ৭.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংস্থা নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদন।
মোহাম্মদীর আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে জানিয়েছেন যে, অপরাধ সংঘটিত করার এবং ষড়যন্ত্র করার জন্য তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপপ্রচার ছড়ানোর জন্য তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সময়ে, তাকে পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের জন্য নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আইনজীবী মোস্তফা নিলি বলেছেন। নার্গিসকে দুই বছরের জন্য দেশ ত্যাগ করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নীলি বলেন, রায় চূড়ান্ত নয় এবং আপিল করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন যে, গুরুতর স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য মোহাম্মদীকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। কারাগারে থাকাকালীন তার আইনজীবী ও পরিবারের সাথে ফোনে কথা বলতে না পারার প্রতিবাদে ২রা ফেব্রুয়ারী নার্গিস মোহাম্মদী তার অনশন ধর্মঘট শুরু করেন।
নার্গিস ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, “আজ, ষষ্ঠ দিনে, নার্গিস মোহাম্মদী তার অনশন ধর্মঘট শেষ করেছেন। তবে, তার শারীরিক অবস্থা খুবই উদ্বেগজনক।” প্রসঙ্গত, নার্গিস মোহাম্মদী হলেন দ্বিতীয় ইরানি নারী যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শিরিন এবাদি এর আগে ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রচারে ভূমিকা রাখার জন্য এই পুরস্কার পেয়েছিলেন।

