গাজায় নতুন হামলায় ৭ জনের মৃত্যু, রাফা সীমান্ত আংশিক চালু
মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনী দুই শিশুসহ সাতজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং রাফা সীমান্ত ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা শুধুমাত্র লোকজনের যাওয়ার জন্য ব্যবহার করা হবে।
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) হামাস দাবি করার পর এই ঘটনা ঘটে যে, রাফাহের দক্ষিণে রকেট হামলায় চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছে। রাফাহ গাজা ও মিশরের সীমান্তে অবস্থিত।
চিকিৎসকরা জানিয়েছেন যে, ইসরায়েলি হামলায় উত্তর গাজা শহরের জাইতুন এলাকায় দুইজন ফিলিস্তিনি এবং দক্ষিণে আল-মাওয়াসি ক্যাম্পে আরও পাঁচজন নিহত হয়েছেন। আল-মাওয়াসিতে বোমা হামলায় আগুন লেগে বেশ কয়েকটি তাঁবুতে ছড়িয়ে পড়ে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, “ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশুও রয়েছে।” হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কুয়েতের একটি হাসপাতাল সূত্র জানিয়েছে যে, নিহত দুই শিশুর বয়স আট এবং দশ। ৩২ জন ফিলিস্তিনিও আহত হয়েছেন। ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে যে, আহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
হামাস আল-মাওয়াসি হামলাকে “যুদ্ধাপরাধ” বলে নিন্দা জানিয়েছে এবং বলেছে যে, এটি ইসরায়েলের “যুদ্ধবিরতি চুক্তির প্রতি অসম্মান”র প্রমাণ। তারা মধ্যস্থতাকারী মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছে।
গাজা কর্তৃপক্ষের মতে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ পর্যন্ত কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।

