রাজনীতি

৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারীদের নাম প্রকাশ্যে আনার জন্য কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আবদুল মজিদের মাধ্যমে মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি এই নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে।
এতে বলা হয়েছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারীদের নাম প্রকাশ্যে আনতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, মুফতি আমির হামজা সম্প্রতি বিভিন্ন জনসভায় দাবি করেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেন যে, পুরো কুষ্টিয়া তাঁকে দিয়ে দিলেও তিনি নিজের অবস্থান থেকে নড়বেন না। তাঁর এই বক্তব্যটি ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।
নোটিশে আরও বলা হয় যে, ২৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।