৪২টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ৪২টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাত সাড়ে ৯টায় কার্যালয়ে আসেন। সরকার গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর প্রশাসকদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদ প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে, তিনি নবনিযুক্ত প্রশাসকদের স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

